সরকারি অর্থ আত্মসাৎ : নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত

৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির কারণে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করার তথ্য জানানো হয়েছে।
সাইফুজ্জামান বর্তমানে লালমনিরহাট গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
ওই সময় তিনি ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প’-এর মূলধন অংশের (ডব্লিউ-১ প্যাকেজ) ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ বাস্তবায়নে ডিপিপি, আরডিপিপি বা এইচওপিইর কোনো অনুমোদন ছাড়াই বিধিবহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, একটি প্যাকেজকে অবৈধভাবে আটটি প্যাকেজে ভাগ করে ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয় এবং এ কাজে মোট ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিভাজিত আটটি প্যাকেজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে যে বিল পরিশোধ করা হয়েছে, তার বিপরীতে বাস্তবে কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্পের ডব্লিউ-১ প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ছাড়া অন্য আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩–২৪ অর্থবছরে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয় এবং কাজ না করেই বিল পরিশোধ করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির শামিল। এ কারণে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯(১) অনুযায়ী সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়েছে।
এসএইচআর/এমএম/এসএম