বকেয়া দাবিতে অবরোধ : উত্তরায় সড়ক ছেড়েছেন গার্মেন্টস কর্মীরা

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্সের সামনে অবরোধ করা সড়ক ছেড়ে দিয়েছেন গার্মেন্টস কর্মীরা। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।
তিনি জানান, বেলা ১১টার কিছু পরে তুরাগ থানা এলাকার আমেনা গার্মেন্টসের কর্মীরা ২ মাসের বকেয়া বেতনের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তাদের দাবি ছিল আমেনা গার্মেন্টসের মালিকপক্ষ এসে তাদের বেতন ভাতার ব্যাপারে কথা বলবে। তাদের অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
সড়ক অবরোধ করার সময় গার্মেন্টস কর্মীদের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
এসএএ/জেডএস