নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যাবে। যদিও সন্দিহান লোকজনের এখনো অভাব নেই। তবে আমি মনে করি তেমন কোনো কারণ নেই নির্বাচন না হওয়ার।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, ‘নির্বাচন পারফেক্ট হয়, এটা খুব রেয়ার। যে পারফেক্ট কোনো কিছু হয়েছে, এটা হয় না। জীবনে কোনো কিছুই পারফেক্ট হয় না। কিছু সমস্যা থাকেই। তবে দেখতে হবে, জনমতের প্রতিনিধিত্বশীল হয়েছে কি না। জনমত কি তা বোঝার জন্য সংখ্যার দিকে তাকাতে হয় না। এটা আমরা মোটামুটি জেনে যাই, বুঝে যাই। এর আগে যে চারটি নির্বাচন হয়েছে, যেটাকে আমরা নির্বাচন বলি, সেখানে প্রতিটিতেই জনমতে প্রতিফলন ঘটেছিল।’
তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ভারতে ছিলাম। বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে তারা নিজেরা গর্ব করে। সেখানেও পারফেক্ট নির্বাচন হয় না, কিছু সমস্যা থাকেই।’
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের চাপ আছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার সঙ্গে যারা দেখা করতে এসেছেন তাদের কেউ কেউ জানতে চেয়েছেন, সবাই না। তবে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি। কেউ বলেননি, এটা আপনাদের করা উচিৎ বা উচিৎ না বা এটা করেন।
‘কেউ কেউ বলেছেন, নির্বাচনে আওয়ামী অংশগ্রহণ করছে কি না, আমি বলেছি, এই পরিস্থিতিতে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না।’
এনআই/এসএম