বাংলামোটরে এসির কাজ করতে গিয়ে নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর বাংলামোটরে একটি ভবনে এয়ারকন্ডিশনারের (এসি) আউটডোর ইউনিট স্থাপনের কাজ করার সময় নিচে পড়ে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। আব্দুস সবুর (২২) নামের ওই যুবক ‘ইলেকট্রো মার্ট’ কোম্পানিতে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সবুরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মাসুদ জানান, তারা ইলেকট্রো মার্ট কোম্পানিতে এসির টেকনিশিয়ান হিসেবে চাকরি করেন। আজ বিকেলে তারা বাংলামোটরের ‘স্বপ্নধরা কমপ্লেক্সে’ এসি লাগানোর কাজ করছিলেন। অন্য সহকর্মীরা ভবনের ভেতরে থাকলেও আব্দুস সবুর একতলার ওপরে এসির আউটডোর ইউনিটে কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
জানা গেছে, আব্দুস সবুর রাজধানীর উত্তরা এলাকায় থাকতেন। দুই মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
এসএএ/বিআরইউ