তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তরুণদের নিয়ে পলিসি করতে হলে তাদের মনের কথা ও মতামত জানতে হবে। তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়ব। তরুণদের নিয়ে পলিসি করব। কিন্তু তরুণদের মনের কথা শুনব না এটা তো হবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের বেড়িবাঁধ এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় একদল তরুণের উদ্যোগে 'আমরা ১১ ইয়ুথ টক' শিরোনামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমীর খসরু বিভিন্ন বিষয়ে তরুণদের সরাসরি মতামত ও পরামর্শ জানতে চান। এসময় তিনি বলেন, “তরুণদের মনের কথা আমাদের জানতে হবে, তাদের চাওয়া পাওয়া শুনতে হবে। তারা কি ভাবছে, তাদের চাহিদা কি, আমরা কোন কোন জায়গায় ভালো কিছু করতে পারব, এগুলো জানা দরকার। দেশ গড়তে হলে সবাইকে নিয়ে গড়তে হবে, সবার কথা শুনতে হবে, বুঝতে হবে।”
তিনি বলেন, “আমরা অন্য ফরম্যাটেও তরুণদের কথা শুনবো, নাগরিকদের মনের কথা শুনবো। নাগরিকদের মনের কথা না শুনলে দেশ চালাবেন কি করে? তাদের সাথে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। এটা অংশগ্রহণমূলক গণতন্ত্র, গণতন্ত্রের একটা অংশ। অর্থনীতি খেলাধুলা সংস্কৃতি সবগুলোকে গণতন্ত্রায়ন করতে হবে। দেশ যখনই সংকটে পড়েছে, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বিএনপি সব সময় সংকট উত্তরণে কাজ করেছে, জনগণের পাশে থেকেছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মো. আশরাফ, ডা. ফারহানাজ মাবুদ সিলভীসহ বিভিন্ন পেশাজীবী তরুণরা।
এমআর/এসএমডব্লিউ