নবম পে-স্কেলের দাবিতে ভুখা মিছিলে হামলার নিন্দা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে শান্তিপূর্ণ ‘ভুখা মিছিল’ কর্মসূচি চলাকালে কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ নবম পে-স্কেলের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে যমুনা অভিমুখে শান্তিপূর্ণ ‘ভুখা মিছিল’ কর্মসূচি চলাকালে কর্মচারীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছি।
শান্তিপূর্ণ ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে এ ধরনের হামলা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থি উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। সেখানে হামলার ঘটনা পরিস্থিতিকে অযথা উত্তপ্ত করার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশকে ক্ষুণ্ন করেছে।
এতে বলা হয়, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি– হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে আহত কর্মচারীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।
‘আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহাবস্থান, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সব পক্ষকে সংযমী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
এসএইচআর/এসএসএইচ