আইইউটি ও সানের মধ্যে সমঝোতা সই

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ও সিয়াকো ইউনিভার্সিটিজ নেটওয়ার্ক (সান)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিয়াকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান ও সান-এর সদস্য সালাহউদ্দিন কাসেম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অসাধারণ মানব সম্ভাবনা এবং সমৃদ্ধ বৌদ্ধিক ঐতিহ্য থাকা সত্ত্বেও মুসলিম বিশ্বের অন্যতম ত্রুটি হলো শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এর পশ্চাৎপদতা। শিক্ষাব্যবস্থার রূপান্তর এবং জনগণের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আনতে তাদের আরও বিনিয়োগ করতে হবে।
সমঝোতা স্মারককে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, আইইউটি ও সান-এর মধ্যে এই সহযোগিতা ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে যৌথ গবেষণা, অনুষদ, শিক্ষার্থী বিনিময় ও প্রযুক্তিগত দক্ষতা ভাগাভাগি বৃদ্ধি করবে।
এনআই/এসএসএইচ