ভোটের আগে-পরে নৌযান চলাচলেও নিষেধাজ্ঞা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সম্প্রতি স্বাক্ষরিত এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের আগে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) লঞ্চ ও ইঞ্জিনচালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) ইত্যাদি নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে রিটার্নিং অফিসারের পূর্বানুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি ও বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্রধারী), নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক (পরিচয়পত্রধারী), নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে।
একইসঙ্গে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ বিভিন্ন জরুরি সেবায় ব্যবহৃত নৌযান চলাচলের ওপরও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ ছাড়া প্রধান প্রধান নৌপথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য পরিবহনসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে। ভোটার ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় প্রয়োজনে আরও কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ কিংবা শিথিল করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষেত্রমতো মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অন্যান্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
/এমএইচএন/এমএসএ