সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সুদান ও সোমালিয়া

বিশ্বের ১৮২টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান ও সোমালিয়া। দুর্নীতির ধারণা সূচকের (সিপিআই) ১০০ স্কোরের মধ্যে তারা পেয়েছে মাত্র ৯।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা। তৃতীয় ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৫ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, সিপিআই ২০২৫ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৪। এ বছর স্কোর গত বছরের তুলনায় বেশি হলেও চৌদ্দ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৬ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।
টিআইবির প্রতিবেদন অনুসারে, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে নিকারাগুয়া ও সুদান; পঞ্চম অবস্থানে ১৫ স্কোর নিয়ে যৌথভাবে ইকোয়েটরিয়াল গিনি, উত্তর কোরিয়া ও সিরিয়া; ৬ষ্ঠ স্থানে ১৬ স্কোর নিয়ে আফগানিস্তান, হাইতি ও মিয়ানমার; ১৭ স্কোর নিয়ে ৭ম স্থানে বুরুন্ডি ও তুর্কিমেনিস্তান; ১৯ স্কোর নিয়ে ৮ম স্থানে রয়েছে তাজাকিস্তান; ২০ স্কোর নিয়ে ৯ম স্থানে কম্বোডিয়া ও কঙ্গো এবং ২১ স্কোর নিয়ে ১০ অবস্থানে গিনি-বিসাউ ও মোজাম্বিক।
১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর এই সূচক প্রকাশ করে। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
আরএম/এমএমএইচ/জেডএস