সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক

বিশ্বের ১৮২টি দেশের মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। দুর্নীতির ধারণা সূচকের (সিপিআই) ১০০ স্কোরের মধ্যে দেশটির স্কোর ৮৯। যদিও তাদের স্কোর গত বছরের তুলনায় এক কমেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৫ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।
টিআইবির প্রতিবেদন অনুযায়ী, কম দুর্নীতিগ্রস্ত ১০টি দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, দেশটির স্কোর ৮৮। ৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এরপর চতুর্থ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও নরওয়ে, স্কোর ৮১। ৮০ স্কোর নিয়ে যৌথভাবে পঞ্চম অব্স্থানে রয়েছে সুইডেন ও সুইজারল্যান্ড। ষষ্ঠ অবস্থানে থাকা লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসের স্কোর ৭৮। সপ্তম অবস্থানে থাকা জার্মানি ও আইসল্যান্ডের স্কোর ৭৭। অষ্টম স্থানে রয়েছে যৌথভাবে অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, হংকং ও আয়ারল্যান্ড; দেশগুলোর স্কোর ৭৬। ৭৫ স্কোর নিয়ে নবম স্থানে আছে কানাডা। আর ৭৩ স্কোর নিয়ে দশম স্থানে আছে উরুগুয়ে।
টিআইবি এমন সময় সিপিআই সূচক প্রকাশ করেছে যখন দেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে একদিন পরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর এই সূচক প্রকাশ করে। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
আরএম/এমএমএইচ/জেডএস