শারীরিক প্রতিবন্ধকতাও দমাতে পারেনি ষাটোর্ধ বৃদ্ধ আবুল কাশেমকে। দুই হাতে লাঠিতে ভর দিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। অন্যের সহযোগিতায় ধীরে ধীরে কেন্দ্রে পৌঁছে দাঁড়ান ভোটের লাইনে। উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘ভোট পবিত্র আমানত, এটাকে আমি যথাযথভাবে প্রয়োগ করতে চাই।’
বিজ্ঞাপন
সরেজমিনে এই কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরো প্রাঙ্গণ জুড়েই উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কেউ ভোট দিয়ে বাইরে বের হচ্ছেন হাসিমুখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন। প্রবেশের আগে সবার জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।
আবুল কাশেম বলেন, ভোট দিতে এসে অনেক আনন্দ লাগছে। সকাল সকাল চলে এসেছি। আমি তো নিজে হাঁটতে পারি না, দুই হাতে লাঠি নিয়ে আরেকজনের সহযোগিতায় এসেছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগেও নানা প্রতিবন্ধকতা ছিল, তবু ভোট দিয়েছি। সেই জায়গা থেকেই আবার ভোট দিতে এসেছি। অনেক খুশি লাগছে, আনন্দ লাগছে যে নিজের ভোট আজকে দিতে পারছি। চারদিকে উৎসবমুখর পরিবেশ।
এদিকে ভোট দিয়ে বের হওয়া রবিউল ইসলাম নামের এক ভোটার বলেন, আমরা ব্যাপক উচ্ছ্বসিত। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।

এর আগে, সকাল সাড়ে সাতটায় সারাদেশে একযোগে শুরু হয়েছে প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।
বিজ্ঞাপন
জানা গেছে, এবার নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছেন। আল জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো নামকরা প্রতিষ্ঠানের ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশে অবস্থান করছেন।
আরএইচটি/এমএসএ
