‘ঈদের আনন্দের মতো লাগছে’

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা শেষে ভোট দিলেন মাহবুবুর রহমান। এসময় চোখে মুখে ছিল উচ্ছ্বাস। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “এটা আমাদের কাছে ঈদের আনন্দের মতো লাগছে।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এই উচ্ছ্বাস ব্যক্ত করেন।
ভোট দেওয়ার পর জানান, এই কেন্দ্রে প্রথম ভোটটাই আমি দিয়েছি। প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়াটা আমার জন্য বিশেষ এক অনুভূতির ব্যাপার।
তার কথায়, “আমরা ঈদে যেরকম আনন্দ করি, ভোটাধিকার প্রয়োগ করাটা তার থেকেও বেশি আনন্দের মনে হচ্ছে।”
ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান মাহবুবুর রহমান। জানান, একজন সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন তিনি। তার আশা, নির্বাচিত জনপ্রতিনিধি যেন সাধারণ মানুষের পাশে থাকেন এবং সংকট-দুর্যোগে দায়িত্বশীল ভূমিকা রাখেন।
তিনি বলেন, “আমরা একজন সৎ, যোগ্য ও ভালো মানুষ চাই। যিনি সবসময় জনগণের পাশে থাকবেন। সেই বিবেচনাতেই ভোট দিয়েছি।”
টিআই/এএ