পোলিং এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ভুয়া : ক্যাপ্টেন সিফাত

ঢাকা-৬ আসনের অধীন টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে সেটি অস্বীকার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সিফাত। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কাজে বের হয়ে আবারও কেন্দ্রে ফিরেছেন ওই পোলিং এজেন্ট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টিকাটুলির কামরুন্নেসা বিদ্যালয় কেন্দ্রের সামনে দেওয়া বক্তব্যে তিনি এই তথ্য জানান। ক্যাপ্টেন সিফাত বলেন, ‘ঢাকা-৬ আসনের অধীন টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের একটি ফেইক নিউজ বর্তমানে অনলাইনে চালু আছে– একটি দলের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে জোর করে। আমরা তিনটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছি, এরকম কোনো ঘটনা সংঘটিত হয়নি।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত কারণে একটি দলের পোলিং এজেন্ট বের হয়েছিলেন। পরবর্তীতে কাজ শেষ করেই কেন্দ্রে প্রবেশ করেছেন পোলিং এজেন্ট। এই রিলেটেড যে নিউজ আছে, তা সম্পন্ন ফেইক। এটা আপনারা (সাংবাদিকরা) সবাইকে জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন, নির্বিঘ্নে (ভোটগ্রহণ) ও নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। সুন্দরভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলমান আছে।’
এদিকে, কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে ভোটারদের।
এনআর/এএইচএস