ফলাফলের তালিকায় অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ফলাফলের তালিকায় অগ্রিম সই নেওয়ার দায়ে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ওই আসনের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফরিদুল আলম ফলাফলের তালিকায় অগ্রিম সই নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় সেনাবাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে যায়। ঘটনার পর পরেই কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌছে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার করে নিলে দুপুর দেড়টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু।
প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা ফরিদুল আলম জানান, ভোট শেষে ফলাফলের তালিকা তৈরিতে ঝামেলায় পড়তে হয়। এ কারণে তিনি আগেভাগে ফলাফলের তালিকায় স্বাক্ষর নিয়েছেন। খারাপ উদ্দেশ্যে এ কাজ করেননি।
ওই আসনের ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন জানান, ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা অপরাধ করেছেন। এ কারণে ভোট কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
সহকারী রিটার্নিং অফিসার খন্দকার মাহমুদুল হাসান জানান, প্রিসাইডিং অফিসার দায় স্বীকার করেছেন। উনাকে প্রত্যাহার করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ভোটগ্রহণ স্বাভাবিক আছে।
এমআর/এমএসএ