চট্টগ্রাম-১৩ আসনে দাঁড়িপাল্লার নারী এজেন্টের মোবাইল জব্দ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের একটি ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এক মহিলা এজেন্টের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ারা রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া মৌলভী ফখরুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মাসুদ পারভেজ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিধি ভঙ্গের কারণে এজেন্টের কাছ থেকে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তাকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রের পরিবেশ এখন শান্ত এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।
চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া আসনটিতে ভোটের মাঠে রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।
এমআর/এসএম