উত্তরায় ৫ কেন্দ্রে দুপুর পর্যন্ত যত ভোট পড়ল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর রাজধানীর উত্তরা এলাকার বিভিন্ন কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোটের হার ১৯ থেকে প্রায় ৩৪ শতাংশের মধ্যে রয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের পুরুষ ভোটারদের কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৩৪ জন। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ২৪টি, যা মোট ভোটারের ২৮ দশমিক ১৭ শতাংশ। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম এ তথ্য জানান।
একই প্রতিষ্ঠানের নারী ভোটারদের কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৩৪ জন। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভোট দিয়েছেন ৭৩৭ জন, যা মোট ভোটারের প্রায় ২৩ দশমিক ৫২ শতাংশ। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা আবিদ মাহমুদ সোহেল জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৯৪ জন। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ১০০টি। এতে ভোটের হার দাঁড়িয়েছে প্রায় ৩৪ দশমিক ৪৪ শতাংশ। এখানে শুধুমাত্র পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা জাহিদুল ইসলাম।
রাজউক উত্তরা মডেল কলেজের একটি (পুরুষ) কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৪১ জন। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৮৭১টি, যা প্রায় ২৯ দশমিক ৬২ শতাংশ। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ভোট সুষ্ঠুভাবে চলছে।
একই প্রতিষ্ঠানের অন্য একটি (পুরুষ) কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯১৫ জন। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬৭৯টি। এতে ভোটের হার প্রায় ২৩ দশমিক ২৯ শতাংশ। প্রিজাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম জানান, কোনো ধরনের সমস্যা ছাড়াই ভোটগ্রহণ চলছে।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের আদর্শ উচ্চবিদ্যালয়ের নারী কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৪ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৪০৫টি, যা মোট ভোটারের প্রায় ১৯ দশমিক ৪৩ শতাংশ। প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।
মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রের একটি (নারী) কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২২৮ জন। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সেখানে ৩০ শতাংশ ভোট পড়েছে, অর্থাৎ প্রায় ৬৬৮ জন ভোট দিয়েছেন। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা আজিজুল আলম হৃদয় এ তথ্য জানান।
একই প্রতিষ্ঠানের অন্য একটি কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৯০ জন। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভোট দিয়েছেন ৭২৬ জন, যা মোট ভোটারের প্রায় ২৫ দশমিক ১২ শতাংশ। এখানে নারী-পুরুষ উভয় ভোটারই ভোট দিচ্ছেন বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা নাজমুল হাসান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে, আজ সকাল সাড়ে সাতটায় সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচন পর্যবেক্ষণে দেশি সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও ব্যাপক নজরদারি রয়েছে। জানা গেছে, ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এখন বাংলাদেশে অবস্থান করছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছেন।
এ ছাড়া আল-জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন।
আরএইচটি/এমআরআর/এমএসএ