গণভোট নিয়ে ভুল তথ্য দিয়ে সংশোধন করলো ইসি

সদ্য অনুষ্ঠিত গণভোটে দেশের প্রায় ৬২ দশমিক ৪৭ শতাংশ ভোটার ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ২৯ দশমিক ৩২ শতাংশ ভোটার ‘না’-এর পক্ষে মত দিয়েছেন। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ জয়ী হলেও ১১টি আসনে ‘না’ ভোট বিজয়ী হয়েছে।
দেশব্যাপী দ্বিগুণেরও বেশি ভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত ফলাফলের হিসাব নিয়ে একটি ভুল তথ্য সামনে আসে। পরে কমিশন তা সংশোধন করে।
প্রথমে প্রকাশিত ফলাফলে দেখা যায়, রাজশাহী-৪ আসনে গণভোটের কাস্টিং হার দেখানো হয়েছে ২৪৪ দশমিক ২৯৫ শতাংশ। ওই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন হলেও কাস্ট ভোট দেখানো হয় ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। সেখানে ‘না’ ভোটের পক্ষে ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ১ লাখ ৪৫ হাজার ৩৮২ ভোট দেখানো হয়।
বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে পরে ইসি সংশোধিত ফল প্রকাশ করে। সংশোধিত তথ্যে দেখা যায়, রাজশাহী-৪ আসনে গণভোটের কাস্টিং হার ৭২ দশমিক ৫৯ শতাংশ। মোট ভোটার সংখ্যা অপরিবর্তিত থাকলেও কাস্ট ভোট দেখানো হয় ২ লাখ ৬ হাজার ৬১১টি। তবে ‘না’ ও ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা যথাক্রমে ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ১ লাখ ৪৫ হাজার ৩৮২—এভাবেই উল্লেখ থাকে।
উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বারী সরদার।
এ ছাড়া, সিরাজগঞ্জ-১ আসনে প্রথমে গণভোটের কাস্টিং হার দেখানো হয় মাত্র ৭ দশমিক ৮৯৯ শতাংশ, যা একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটের হারের তুলনায় অনেক কম। জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে ভোট পড়েছিল ৬০ দশমিক ৮৩ শতাংশ। সেখানে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সেলিম রেজা।
পরে সংশোধিত তথ্যে সিরাজগঞ্জ-১ আসনে গণভোটের হার ৬০ দশমিক ৮৩ শতাংশ দেখানো হয়।
প্রথমে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আয়োজিত এ গণভোটে দেশজুড়ে ‘হ্যাঁ’-এর পক্ষে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’-এর পক্ষে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট পড়ে। ২৯৯টি সংসদীয় আসনে গণভোটের গড় কাস্টিং হার ৬০ দশমিক ২৬ শতাংশ দেখানো হয়েছিল।
পরে সংশোধন করে হ্যাঁ’-এর পক্ষে মোট ৪ কোটি ৮০ লাখ ৬৬০ এবং ‘না’-এর পক্ষে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ ভোট দেখানো হয়। এবং ২৯৯টি সংসদীয় আসনে গণভোটের গড় কাস্টিং হার ৬০ দশমিক ৮৪ শতাংশ দেখানো হয়।
এমএইচএন/এএমকে