মানিকগঞ্জে বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে আগুন, নারীসহ একই পরিবারে দগ্ধ ৪

মানিকগঞ্জ সদরের মিতরা গ্রামে বিদ্যুতের তারের স্ফুলিঙ্গ থেকে ঘরে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে একটি টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের গুরুতর অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন– শামসুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়াড়া বেগম (৫৫) এবং তাদের দুই ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।
দগ্ধ মাসুম বিশ্বাস জানান, দুপুরে তার মা ও ছোট ভাই ঘরে অবস্থান করছিলেন। এ সময় বিদ্যুতের তারের স্ফুলিঙ্গ থেকে হঠাৎ জানালার পর্দার কাপড়ে আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাইরে থেকে তার বাবা শামসুল বিশ্বাস ঘরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন। তাদের উদ্ধার করতে গিয়ে বড় ছেলে মাসুম বিশ্বাসও সামান্য দগ্ধ ও আহত হন।
দুর্ঘটনার পর দগ্ধদের প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে একই পরিবারের চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং ও প্রাথমিক চিকিৎসা চলছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা সম্ভব হবে।’
এসএএ/বিআরইউ