কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল খালেক (৬৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আব্দুল্লাহ জানান, আব্দুল খালেক গত রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা গেছে, মৃত আব্দুল খালেকের কয়েদি নম্বর ৬৭১৮/এ। তার বাবার নাম মৃত কফিল উদ্দিন। তবে তিনি ঠিক কী মামলায় কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে এবং কারা কর্তৃপক্ষের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএএ/বিআরইউ