মিরপুরে পুলিশের অভিযানে ইয়াবা-নগদ টাকাসহ কারবারি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মহিতাজ মুসকান (২২)। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (শনিবার) সকালে মধ্য পীরেরবাগ এলাকায় ঝিলপাড়া মসজিদ সংলগ্ন ‘তাসনিম বিজয় ভবনে’ অভিযান চালানো হয়। অভিযানে মহিতাজ মুসকানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, মিরপুর মডেল থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পীরেরবাগ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে সেখানে বিশেষ অভিযান চালিয়ে মুসকানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে জব্দ হওয়া টাকাগুলো মাদক বিক্রয়লব্ধ বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এমএসি/বিআরইউ