বাংলা ভাষার মাধ্যমে প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে

প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে এখনই কার্যকর পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, বর্তমান সময়ে প্রযুক্তিকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব নয়; বরং বাংলা ভাষার মাধ্যমে প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম নগরীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘মোদের গর্ব, মোদের আশা– বাংলা ভাষা। এ ভাষা আমার চিত্তের প্রকাশ, আমার সত্তার বিকাশ।’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক ও জব্বারের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের রক্তে অর্জিত মর্যাদা রক্ষা করা আমাদের পরম দায়িত্ব।
তিনি আরও উল্লেখ করেন, বাংলা সেই ভাষা, যে ভাষা এশিয়া মহাদেশকে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছে। তবে বিশ্বের প্রায় সাত হাজার ভাষার মধ্যে প্রতি ১৪ দিনে একটি ভাষা বিলুপ্ত হয়ে যাওয়াকে উদ্বেগজনক হিসেবে অভিহিত করেন তিনি।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ভাষার চর্চা, গবেষণা ও সৃজনশীলতা বাড়াতে হবে, যাতে ভাষা শহীদদের আত্মত্যাগ পূর্ণতা পায়। ভবিষ্যতে ভাষার অধিকার রক্ষায় আর কোনো প্রাণহানি না চাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা একটি নিরাপদ ও মর্যাদাবান বাংলাদেশ গড়তে চাই।’
এমআর/বিআরইউ