মোহাম্মদপুরে ছিনতাই-চাঁদাবাজি বন্ধে বসছে ৫৫০ সিসিটিভি

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে ৫৫০টি সিসিটিভি বসানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি বলেছেন, বিএনপি বা সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের সময় আহত চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছেন। ওই হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছেন।
তিনি আরও বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ার পর এলাকার পুলিশ সদস্যদের আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আদাবর ও মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি বসিলায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন, ২০টি পুলিশ বক্স স্থাপন এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
আরএইচটি/জেডএস