মোহাম্মদপুরে বোরকা পরে এসে সমন্বয়ককে কুপিয়ে গুরুতর আহত

রাজধানীর মোহাম্মদপুরে বোরকা পরে এসে ইব্রাহিম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ময়ূর ভিলার পাশের ঢালে একটি চা দোকানে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার সময় ময়ূর ভিলার ঢালের পাশে বোট ঘাট গলির চা দোকানে বসে ইব্রাহিম চা খাচ্ছিলেন। এ সময় বোরকা পরে কয়েকজন এসে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। তবে হামলাকারীরা বোরকা পরা থাকায় তাদের চেনা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও মোহাম্মদপুর এলাকার সামাজিক সংগঠক আরিফ আহমেদ জানান, আজ রাতে আমরা আল মদিনা টি স্টলে বসে চা খাচ্ছিলাম। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৩-৪ জন দুর্বৃত্ত বোরকা পরে এসে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা ইব্রাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে তার এক হাতের কনুই প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। হামলার পর তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। আমরা ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আমাদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ইব্রাহিম বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে আমাদের টিম কাজ করছে। আশা করছি খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারব।
এসএএ/এমএসএ