বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিনের চালে আটকে ইন্টারনেটকর্মী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বগুড়ার গাবতলীতে শস্যগুদামের টিনের চালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন এক ইন্টারনেটসেবা কর্মী। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় এক ব্যক্তির ৯৯৯-এ ফোনকলের পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি জানান, রোববার বিকেলে বগুড়ার গাবতলী থানাধীন চকবোচাই প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে একটি শস্যগুদামের পাশ থেকে হাসান আলী নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে একজন ইন্টারনেটসেবা কর্মী তার টাঙানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শস্যগুদামের টিনের চালে আটকে আছেন। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য গাবতলী ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সাদিক এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার সজীব মিয়া।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়া অজ্ঞান ইন্টারনেটসেবা কর্মী মোহাম্মদ রিফাতকে (২১) উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়। উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া গাবতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাসিম ইকবাল ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
এমএসি/জেডএস