জনগণ এগিয়ে এলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব : ডিএসসিসি প্রশাসক

রাজধানী ঢাকার চলমান নানা সমস্যার টেকসই সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ ছাড়া রাজধানীর দীর্ঘদিনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। জনগণ এগিয়ে এলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব।
নবনিযুক্ত ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, ঢাকা আজ যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও অপরিকল্পিত নগরায়ণের মতো বহুমুখী সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর করলে চলবে না; প্রয়োজন নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততা।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে আইন ও নীতিমালা থাকলেও তা যথাযথভাবে মানা হয় না। ট্রাফিক আইন অমান্য করা, যেখানে-সেখানে ময়লা ফেলা, অবৈধ দখল ও নির্মাণ—এসব আচরণ নগর সমস্যাকে আরও জটিল করে তুলছে। নাগরিকরা যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করেন, তাহলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সমন্বয় বাড়াতে হবে। এলাকাভিত্তিক কমিউনিটি উদ্যোগ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচারণা জোরদার করলে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
আবদুস সালাম বলেন, রাজধানীকে বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নে সামাজিক অংশীদারিত্বের ওপর গুরুত্ব দিতে হবে। সরকার একা সব করতে পারবে না, জনগণ এগিয়ে এলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব।
এএসএস/এসএইচএ