সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী সালাউদ্দিন হত্যা : আসামি ইমাম হোসেন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত নিরাপত্তাকর্মী সালাউদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. ইমাম হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ড্রেজারে তেল চুরির বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে বলে র্যাবের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
র্যাব জানায়, নিহত সালাউদ্দিন সীতাকুণ্ড থানার দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা। তিনি বঙ্গোপসাগরে অবস্থানরত ‘রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
গত ৩১ জানুয়ারি ড্রেজারে তেল চুরিকে কেন্দ্র করে সহকর্মীদের সঙ্গে তার বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে কয়েকজন তাকে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে একটি বোটে করে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করা হয়।
গত ৩ ফেব্রুয়ারি থেকে পরিবারের সদস্যরা সালাউদ্দিনকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে কোয়ানিয়া খালে কাদায় অর্ধপোঁতা একটি মরদেহের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ছালা উদ্দিনের পরিচয় নিশ্চিত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতজনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও ৮-২০ জনকে আসামি করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি ইমাম হোসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় অবস্থান করছেন। পরে র্যাব-১১-এর সহযোগিতায় যৌথ অভিযানে ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএমএন/বিআরইউ