চট্টগ্রামে ভোরে ছিনতাই, যুবকের মোবাইল ছিনিয়ে পালাল দুর্বৃত্তরা

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার ছোটপুলে ভোরবেলা ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন মো. মুরাদ হোসাইন নামে এক যুবক। আজ (মঙ্গলবার) ভোর সোয়া ৫টার দিকে ছোটপুল দেওয়ান আলী মসজিদ সংলগ্ন শিশু কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. মুরাদ হোসাইন একটি বিদেশি প্রতিষ্ঠান কেপিজেডে পার্ক বাংলাদেশে কর্মরত। তিনি জানান, প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ছোটপুল দেওয়ান আলী মসজিদ সংলগ্ন শিশু কবরস্থানের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী লাঠি ও চাকু নিয়ে তার পথরোধ করে। একপর্যায়ে তারা তার বাম হাতে আঘাত করে এবং ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নেয়। পরে পাশের টিআই মোটরস সংলগ্ন একটি গলি দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর তিনি হালিশহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ছোটপুল দেওয়ান আলী মসজিদ সংলগ্ন ওই স্থানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিশেষ করে ভোর ও গভীর রাতে পথচারীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। এলাকাবাসী সেখানে নিয়মিত পুলিশ টহল জোরদার এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন।
হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলামুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
এমআর/এনএফ