আরব আমিরাতকে ভিসা পুনরায় চালুর অনুরোধ

বাংলাদেশিদের জন্য শ্রম ভিসা পুনরায় চালু করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই অনুরোধ জানানো হয়।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য জোরদার এবং আমিরাতে অবস্থানরত ১২ লাখ প্রবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান প্রায় ১.২ মিলিয়ন বাংলাদেশি প্রবাসীর জন্য এবং শ্রম ভিসা পুনরায় চালু করার পাশাপাশি ব্যবসায়িক ও ট্রানজিট ভিসার সহজলভ্যতা বাড়ানোর অনুরোধ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত হয়। পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি প্রাইম মিনিস্টার ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ফার্স্ট নীতির অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় সাম্প্রতিক সময়ে সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা ত্বরান্বিত করা এবং বাণিজ্য, শক্তি, অবকাঠামো ও পিপিপি প্রকল্পে সহযোগিতা জোরদারের বিষয়ে মনোযোগ দেওয়া হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এর আগে, রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী শীর্ষ পর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মের নিয়মিত বৈঠক আয়োজনের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব জোর দেন।
এনআই/বিআরইউ