নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে সর্বোচ্চ গুরুত্বের প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, নগরীর সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বিকেলে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন।
মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।
এর আগে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে তাদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।
এরও আগে নবনিযুক্ত প্রশাসক সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদান করেন। প্রশাসক হিসেবে যোগদানের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এএসএস/বিআরইউ