স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেলেন মনজুর মোর্শেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী (পরিচিতি নম্বর: ৫২৯১)-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
মনজুর মোর্শেদ চৌধুরী অষ্টম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। চাকরি জীবনে চকোরিয়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি উপসচিব হয়ে জাতীয় গ্রন্থাগার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ, ট্যারিফ কমিশনসহ বিভিন্ন জায়গায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
দক্ষ অফিসার হিসেবে পরিচিত হলেও বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছেন তিনি। বঞ্চিত এই কর্মকর্তা বিগত সরকারের সময়ে পদন্নোতি না পেয়ে ২০২৩ সালে উপসচিব পদে পিআরএল এ যান। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গত ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ভূতাপেক্ষভাবে সচিব পদে পদন্নোতি প্রদান করে।
এমএম/বিআরইউ