টেলিটককে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটককে দ্রুততম সময়ের মধ্যে সেবার মানোন্নয়ন করে দৃশ্যমান অগ্রগতি অর্জনের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর নির্দেশনা দেন।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমান সরকারের আমলে গ্রাহকেরা যাতে টেলিটকের উন্নত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে এবং প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী পরিকল্পনা ও ভিশন বাস্তবায়নে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনবন্ধব সরকার হতে চাই। আমরা চাই টেলিটক সেবার দৃশ্যমান উন্নয়ন। প্রধানমন্ত্রী জনকল্যাণে তার প্ল্যান ও ভিশন বাস্তবায়নে কাজ করছেন, টেলিটককেও সে অনুযায়ী সেবার মানোন্নয়নে কাজ করতে হবে।’
মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এ সময় উপস্থিত থেকে বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি কর্মকর্তাদের আশ্বস্ত করেন।
মতবিনিময়কালে উপস্থিত মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবা উন্নয়ন এবং গ্রাহকসেবা মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এএসএস/বিআরইউ