সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট নকলের চেষ্টা, সতর্ক থাকার আহ্বান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আদলে একটি ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে একটি চক্র। বিষয়টি নজরে আসার পর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল ওয়েবসাইটটি সচল ও নিরাপদ থাকলেও এর আদলে mswbd.org নামে একটি নকল ওয়েবসাইট তৈরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এই ভুয়া ওয়েবসাইটটি নিয়ে জনমনে বিভ্রান্তি ও প্রশ্ন দেখা দিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি যদি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোনো বিষয় নিয়ে প্রতারণা করতে চায়, তবে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ ধরনের প্রতারণা রোধে আইসিটি শাখার টেলিফোন নম্বর (০১৯১৫০২৬৪২৩) দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। তাই জনস্বার্থে এ ধরনের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।
এসএইচআর/বিআরইউ