দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলমের অধীনে থাকা দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে এই অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়।
চিঠিতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রাজিব আহসানের দায়িত্ব সুনির্দিষ্ট করার প্রস্তাব করা হয়েছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই প্রজ্ঞাপনে হাবিবুর রশিদ ও রাজিব আহসানকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম তার অধীনে থাকা দুজন প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টনের ইচ্ছা ব্যক্ত করেছেন।
মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে, প্রতিমন্ত্রী রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়ার জন্য চিঠিতে সুপারিশ করা হয়েছে।
প্রতিমন্ত্রীদের এই দপ্তর বণ্টনের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক আদেশ বা প্রজ্ঞাপন জারির ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
এসএইচআর/বিআরইউ