পণ্যের দাম বাড়িয়ে ভোগান্তি সৃষ্টি করলে পদক্ষেপের হুঁশিয়ারি চসিক মেয়রের

যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না।
গতকাল চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মেয়র।
পরিদর্শনকালে মেয়র বাজারের বিভিন্ন আড়ৎ ও পাইকারি প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুরসহ রমজানকেন্দ্রিক নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। ব্যবসায়ীদের পণ্যের দামের তালিকা দৃশ্যমান স্থানে রাখার নির্দেশনা দেন তিনি।
পরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সংগঠনের কার্যালয়ে মতবিনিময় করেন তিনি।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, রোজার মাসে জনভোগান্তি কমাতে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছি। কিছু অসঙ্গতি চোখে পড়েছে। এ বিষয়ে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি। সতর্কতা মেনে সংশোধন না হলে তখন আমরা ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেব।
পাইকারির পাশাপাশি খুচরা বাজারও পর্যবেক্ষণ করা হবে জানিয়ে মেয়র বলেন, পাইকারির সঙ্গে খুচরা বাজারের তারতম্য থাকতে হবে মিনিমাম। এটা ম্যাক্সিমাম যেন না হয়। মনিটরিংয়ের মাধ্যমে বাজার দর স্থিতিশীল রাখা আমাদের উদ্দেশ্য।
সূত্র : বাসস।
এনএফ