কোন সেবায় কত খরচ, টাঙিয়ে রাখতে হবে সব ভূমি অফিসে

ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে দেশের সব উপজেলা সব সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ৪ ফুট × ২.৫ ফুট আকারের সাইনবোর্ডে সেবাভিত্তিক ফি তালিকা প্রদর্শন করতে সব জেলা প্রশাসককে নির্দেশনা পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ফি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত ও ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কোন সেবায় কত ফি?
নামজারি ফি : কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি ১ হাজার টাকা, প্রতি কপি কতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা। সর্বমোট ফি ১ হাজার ১৭০ টাকা।
খতিয়ানের ফি
সার্টিফাইড কপি বা অনলাইন কপি ১২০ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে।
মৌজা মেপের ফি
মৌজা মেপের প্রতি শিটের জন্য ৫৪৫ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা ডাকমাশুল পরিশোধ করতে হবে।
নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি উন্নয়ন করসহ সব ভূমিসেবা শুধুমাত্র অনলাইনে পরিশোধ করা যাবে। কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য সব নাগরিকদের অনুরোধ করা যাচ্ছে। অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করতে পারবেন।
এসএইচআর/এসএম