অবশেষে তেল চুরিতে অভিযুক্ত সেই ডিপো ইনচার্জকে বদলি

যমুনা অয়েল কোম্পানির নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোতে সোয়া লাখ লিটার ডিজেল উধাও হওয়ার ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম খাঁন আবুল উলায়ীকে অবশেষে বদলি করা হয়েছে। যমুনা অয়েল প্রধান কার্যালয়ের প্রকৌশল ও উন্নয়ন বিভাগের ডেপুটি ম্যানেজার (ইএন্ডডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আর তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে জি. এম. হারুন-অর-রশীদকে।
কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ) মোহাম্মদ হাসান ইমামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
আদেশে মোহাম্মদ আসলাম খাঁন আবুল উলায়ীকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়, জি. এম. হারুন-অর-রশীদ, ডেপুটি ম্যানেজার (অপারেশন্স), ফতুল্লা ডিপো, নারায়ণগঞ্জের নিকট আপনার দাপ্তরিক দায়িত্ব হস্তান্তর করবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ইনচার্জ হিসেবে ফতুল্লা ডিপোর রুটিন দায়িত্ব পালন করবেন। আপনার পরবর্তী দায়িত্ব ও কর্তব্যের জন্য প্রকৌশল ও উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) ও প্রকল্প পরিচালক এর নিকট রিপোর্ট করবেন। আপনি আগামী ৪ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।
এ বিষয়ে যমুনা অয়েলের উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ) মোহাম্মদ হাসান ইমাম ঢাকা পোস্টকে বলেন, তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি হয়েছিল। তাদের কিছু অবজারভেশন ছিল। এ পরিপ্রেক্ষিতে নিয়ম মেনে ডিপো ইনচার্জকে বদলি করা হয়েছে।
জ্বালানি তেল চুরি ও অপচয় রোধে ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন নির্মাণ করেছে সরকার। এ পাইপলাইনে তেল সরবরাহ চালু হয়েছে গত বছরের জুনে। চট্টগ্রামের পতেঙ্গায় মূল টার্মিনাল থেকে সরাসরি তেল আসছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। শুরুতেই যমুনা অয়েল কোম্পানির ফতুল্লা ডিপোতে সোয়া লাখ লিটার ডিজেল উধাও হয়ে যায়।
এ ঘটনায় একটি গঠিত বিপিসির একটি তদন্ত কমিটি গত বছরের ১১ ডিসেম্বর প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ক্যালিব্রেশন কোম্পানির মিথ্যা ক্যালিব্রেশন রিপোর্ট দিয়ে তেল চুরির আগাম চেষ্টা, যমুনা অয়েলের সিবিএ নেতার দৌরাত্ম্য, সিডিপিএল প্রকল্পে অটোমেশন প্রক্রিয়ায় জটিলতা, কর্মকর্তাদের গাফিলতি চিত্র এসেছে। এতে ২৫টি পর্যবেক্ষণ ও ১৩টি সুপারিশ করা হয়।
এমআর/এনএফ