মোহাম্মদপুরে ইফতারের পর বাসায় গ্রিল কেটে চুরি

রাজধানীর মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড-এর ৩ নম্বর রোডের ১৬৩/বি২, নারগিস ভিলা নামে একটি ভবনের চারতলায় এক দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে। ইফতারের পর স্বামী-স্ত্রী এক-দেড় ঘণ্টার জন্য বাইরে গেলে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ইফতারের পর এই চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বাসার ভাড়াটিয়া ও ভুক্তভোগী এবিএম সাদিকুর রাকিব কিরণ বলেন, গতকাল ইফতারের পরে সাতটার দিকে আমরা বের হয়েছি। বাসায় ফিরে আমার স্ত্রী দেখে তালা আর খুলছে না। সে আমাকে ফোন দিলে আমি উপরে গিয়ে দেখি তালা আর খুলছে না। পরে ১০-১৫ মিনিট চেষ্টা করার পর দারোয়ানকে ডাকি। তখন সামনের দোকানের লোক এসে তার দিয়ে চেক করে বুঝতে পারে যে ভিতর থেকে লক করা।
তিনি জানান, তখন আমরা তিনজন মিলে ফোর্সফুলি ভেঙে ভিতরে ঢুকে দেখি একদম পুরা বাসা তছনছ। মূল্যবান জিনিসের মধ্যে আমার আর আমার স্ত্রীর আনুমানিক ছয় থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার গেছে। আমরা স্বামী-স্ত্রী দুজনেই প্রাইভেট জব করি। কোনো কাজের লোকও রাখি না। আমি নিশ্চিত যে আমাকে খুব ভালোভাবে ট্র্যাক করা হয়েছে। আমি নিয়মিত ইফতারের পর জিমে যাই। আমি এই মোহাম্মদীয়া হাউজিংয়ে ১৫ বছর ধরে আছি, এই বাসায় ৫ বছর।
তিনি বলেন, ট্রিপল নাইনে (৯৯৯) ফোন করার পর মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সহায়তা করে। ঘটনার পর তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এখনও থানায় লিখিত অভিযোগ করা হয়নি। তবে পুলিশ এসে তাদের কাছ থেকে সব তথ্য নিয়েছে। আজ থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ওই বাসায় গ্রিল কেটে চুরি হয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, চোর ভুক্তভোগীদের দীর্ঘদিন ধরে ফলো করছিল। ইফতারের পর ভুক্তভোগীরা বাসা থেকে বের হওয়ার সুযোগটি কাজে লাগিয়ে স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এখনও লিখিত অভিযোগ হাতে পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে।
এমএসি/এনএফ