চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ কারবারি আটক

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক পেশাদার জাল নোট কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকার আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে কয়েকজন জাল নোট ব্যবসায়ী বিভিন্ন দেশের জাল মুদ্রা মজুত রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এসময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার জব্দ করা হয়। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে জাল মুদ্রা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত জাল মুদ্রা সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/এমএসএ