এ সপ্তাহে দিন ও রাতে কেমন থাকবে আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা আছে?

আগামী কয়েকদিন দিনের বেলা গরম অনুভূত এবং রাতের বেলা আবহাওয়া স্বস্তিদায়ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, দেশে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। আর এ কারণে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে, ফলে দিনের সময় গরম অনুভূত হতে পারে। তবে রাতের তাপমাত্রা তুলনামূলক স্থিতিশীল থাকায় রাতের আবহাওয়া স্বস্তিদায়কই থাকবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এমন অবস্থায় আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
কাল শনিবার সন্ধ্যা পর্যন্তও আবহাওয়ার একই ধারা অব্যাহত থাকতে পারে। এদিনও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রোববার থেকে আবহাওয়ায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এদিন সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার আবারও সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে সামান্য বাড়তে পারে।
আরএইচটি/এমটিআই