পুরান ঢাকায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে আগুনে ঘটনায় দগ্ধ মো. সেলিম (৩৩) মারা গেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রাতে পুরান ঢাকার নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ সেলিম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে মো. মোক্তার বেপারীর ২২ শতাংশ দগ্ধ ও সেলিনা আক্তারের ২০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসায় একাধিক এসির গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নারিন্দা এলাকার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে দেয়াল ধসে পাশে একটি টিনশটের উপরে পড়ে। পরে স্থানীয়রা ওই বাসা থেকে বেশ কিছু এসির গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন। দগ্ধ অবস্থায় তিনজনকে জাতীয় ভর্তি করা হয়।
এসএএ/এমএন