দেশে ১৩ মাসে ৩২ ভূমিকম্প, উৎপত্তি কম ঝুঁকির অঞ্চলেও

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বকেয়া ও জ্বালানি–সংকটে এবার লোডশেডিংয়ের শঙ্কা
সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের পাওনা জমেছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। এর মধ্যে বেসরকারি খাতের তেলচালিত কেন্দ্রগুলোর পাওনা প্রায় ১৪ হাজার কোটি টাকা। আদানির পর বকেয়া আদায়ে এখন চাপ দিচ্ছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকেরা। তাঁরা বলছেন, বকেয়া না পেলে জ্বালানি কিনে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন না তাঁরা। এ কারণে এবারের গ্রীষ্ম মৌসুমে লোডশেডিংয়ের ভোগান্তি হতে পারে।
কালবেলা
কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেও মশার দাপট অটুট
রাজধানীর কল্যাণপুর নতুন বাজার এলাকার এক মুদি দোকানে গতকাল শুক্রবার তিনটি স্থানে মশার কয়েল জ্বালিয়ে পণ্য বিক্রি করছিলেন রাসেল জনি। এরপরও মশার উপদ্রব থেকে বাঁচতে তাকে বারবার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে নড়াচড়া করতে দেখা যায়। জানতে চাইলে রাসেল জনি বলেন, ‘কয়েকদিন ধরে মশার উপদ্রব এতটাই বেড়েছে যে, দিনের বেলায় মশার কয়েল জ্বালিয়েও রক্ষা পাওয়া যায় না। সন্ধ্যা থেকে তো দোকানে ক্রেতারা এসে দাঁড়াতেই পারেন না মশার কারণে। তাই অনেক সময় সন্ধ্যার মধ্যেই দোকান বন্ধ করে চলে যাই। বাসায়ও মশা থেকে রক্ষা নেই। তাই বাসার জানালাগুলো জাল দিয়ে ঘিরে দিয়েছি।’
কালের কণ্ঠ
মায়ানমার থেকে দুই জেলার ২০ পথে ঢুকছে ইয়াবা
মায়ানমার থেকে কক্সবাজার ও বান্দবানের বিভিন্ন পথে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও হেরোইনের মতো মাদক ঢুকছেই। মায়ানমার থেকে কক্সবাজারসহ আশপাশের নৌপথে ৮০ শতাংশ ও স্থলপথে ২০ শতাংশ মাদক ঢুকছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধারাবাহিক অভিযানে একের পর এক বড় চালান উদ্ধার হলেও এসব মাদক পাচার থামছে না। বরং পাচারকারী ও কারবারিরা নতুন নতুন রাস্তা বের করে অপতৎপরতা অব্যাহত রেখেছে।
সমকাল
সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্রে সেবার সংকট
খাবার কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ, নিরাপত্তা, শিক্ষা, খেলার সামগ্রী ও জায়গার অভাব– এই বাক্যগুলো যেন সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্রের সঙ্গে জড়িয়ে গেছে। বেশির ভাগ সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্রে সরেজমিন গেলে কিংবা ভুক্তভোগীদের অভিযোগ থেকে এমন চিত্রই পাওয়া যায়। কখনও কখনও সরকারি প্রতিবেদনেও এমন তথ্য ওঠে আসে।
দেশ রূপান্তর
বারবার ভূমিকম্প কীসের ইঙ্গিত
সাম্প্রতিককালে দেশে বারবার ভূমিকম্প নিয়ে জনমনে আতঙ্ক থাকলেও বিশেষজ্ঞদের অনেকের মতে, গতকাল শুক্রবার সাতক্ষীরায় ৫ দশমিক ৪ রিখটার স্কেলের ভূমিকম্পে বিপদমুক্ত হয়েছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা! এর ফলে ঢাকা হয়ে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এর চেয়ে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা কমে আসছে। গত ২১ নভেম্বর নরসিংদীতে ৫ দশমিক ৭ রিখটার স্কেলের ভূমিকম্পের পর এ পর্যন্ত দেশের ভেতরে ২০ দফা ভূমিকম্প হয়েছে। আর মৃদু ও মাঝারি মাত্রার এসব ভূমিকম্পের কারণে মাটির ভেতরের শক্তি বের হয়ে আসায় শক্তিশালী ভূমিকম্প ঝুঁকি কমে আসছে বলেও অভিমত কয়েকজন বিশেষজ্ঞের।
বিবিসি বাংলা
অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর ভাগ্যে কী আছে?
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শাসনে জারি করা স্পর্শকাতর বেশকিছু অধ্যাদেশ নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি সরকারের।
তবে নবনির্বাচিত এই সরকার দায়মুক্তি অধ্যাদেশ বহাল রেখে এর আইনি ভিত্তি দিতে পারে।
তাদের আপত্তি আছে, আলোচিত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আদেশসহ বেশ কিছু অধ্যাদেশ নিয়ে।
প্রথম আলো
দেশে ১৩ মাসে ৩২ ভূমিকম্প, উৎপত্তি কম ঝুঁকির অঞ্চলেও
ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ। তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে।
বণিক বার্তা
প্রশাসন সাজাতে বেগ পেতে হচ্ছে বিএনপি সরকারকে
তবে এসব দপ্তরে এখনো নতুন করে কাউকে নিয়োগ দেয়া হয়নি। ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর কার্যত দপ্তরপ্রধান ছাড়াই চলছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগেও কয়েক মাস ধরে নেই দপ্তরপ্রধান। সে কারণে প্রশাসনিক পুনর্বিন্যাস ও রদবদল কার্যক্রম পরিচালনায় তৈরি হয়েছে জটিলতা।
প্রথম আলো
নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয়তার ইঙ্গিত, কী হিসাব কষছে আওয়ামী লীগ
জাতীয় সংসদ নির্বাচনের পরদিন থেকে গত দুই সপ্তাহে সারা দেশে আওয়ামী লীগের এক ডজনের বেশি কার্যালয়ের তালা খোলা হয়। কোথাও কোথাও তালা না খুলে কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এর মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ দলটি মূলত সরকারের মনোভাব বোঝার চেষ্টা করছে বলে দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে।
বণিক বার্তা
ফেব্রুয়ারিতে ১০ বার কেঁপে উঠল দেশ
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ নিয়ে চলতি ফেব্রুয়ারিতে ১০ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। যদিও ভূমিকম্পগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়নি।
প্রথম আলো
বাংলা একাডেমি পুরস্কার ঘিরে দীর্ঘ বিতর্ক
কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (কবিতা) দেওয়ার জন্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত তাঁকে পুরস্কার দেওয়া হয়নি। এ ঘটনায় দেশের সাহিত্য, শিল্প অঙ্গনসহ বিদগ্ধ মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একটি স্বশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমির ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
দেশ রূপান্তর
শতকোটি টাকা খুইয়ে পুলিশ ফিরছে আগের পোশাকেই!
২০২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে গত অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপের মধ্যে এই বাহিনীর পোশাকও পরিবর্তন করেছিল। আগের পোশাকে পুলিশ জনগণের কাছে বিতর্কিত এই ধারণা থেকে মূলত সরকার এই সিদ্ধান্ত নিলেও বিরোধিতা ছিল প্রবল। বিশেষ করে পোশাকের রঙ ও মান পছন্দ করা নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়। দুজন সাবেক উপদেষ্টা ও একজন সাবেক পুলিশ কর্মকর্তা (সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী) এবং পুলিশের ভেতরের এক ডজন কর্মকর্তার প্রায় একক সিদ্ধান্তেই পোশাক পরিবর্তনে বাধ্য হয় পুলিশ। একপর্যায়ে পুলিশের বিভিন্ন ইউনিটে এই পোশাক ব্যবহার করতে বাধ্য করা হয়। নতুন এই পোশাকের পেছনে অন্তত শতকোটি টাকা খরচ হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
ইত্তেফাক
সাজার নীতিমালা না থাকায় উচ্চ আদালতে টিকছে না অনেক ফাঁসির রায়
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় বিচারিক আদালত আট জনকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন সাজা দেয়। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। গত বছরের মে মাসে হাইকোর্ট ১৪ আসামির মধ্যে নয় জনের সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামির সাজা কমিয়ে দেওয়া হয় যাবজ্জীবন।
সমকাল
বেতন মিলছে না ১৭ মাস বন্ধের পথে স্বাস্থ্য বাতায়ন
দৈনিক গড়ে সাড়ে ছয় হাজার মানুষ ফোন করেন ১৬২৬৩ নম্বরে। চিকিৎসকের পরামর্শ, মানসিক কিংবা স্বাস্থ্যসেবা সব কিছুর জন্য অনেকের ভরসা এই একটি নম্বর। সেই জাতীয় টেলি-স্বাস্থ্য প্ল্যাটফর্ম স্বাস্থ্য বাতায়ন এখন বন্ধের শঙ্কায়।
গত ১৭ মাস ধরে দায়িত্ব পালন করলেও বেতন পাননি সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা। তবু সেবা চালু আছে। সামনে এপ্রিলে প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু নবায়ন নিয়ে এখনও দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ফলে সাধারণ মানুষের জন্য বিনামূল্যের এই স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে।
কালের কণ্ঠ
বেতন-বোনাস নিয়ে শঙ্কা বাড়ছে শ্রমিক অসন্তোষ
ঈদুল ফিতর সামনে রেখে প্রতিবছরের মতো এবারও তৈরি পোশাকসহ বিভিন্ন শ্রমঘন শিল্পে বেতন ও উৎসব বোনাস পরিশোধ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সময়মতো বেতন-বোনাস পরিশোধ করতে ব্যর্থ হলে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন শিল্প মালিক ও শ্রমিক নেতারা। এ পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি ও নজরদারি জোরদারের তাগিদ দিয়েছেন তাঁরা।
যুগান্তর
মোহাম্মদপুরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযানে পুলিশ
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে অপরাধ দমনে ভিন্ন কৌশলে মাঠে নেমেছে পুলিশ। জিরো টলারেন্স নীতিতে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলছে টানা সাঁড়াশি অভিযান। মাত্র দুদিনেই গ্রেফতার করা হয়েছে প্রায় দেড়শজনকে। পুলিশের পাশাপাশি অভিযানে অংশ নিচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা, ডিএমপির সিটিটিসির বিশেষায়িত টিম এবং কে-নাইন ডগ স্কোয়াড।
কালবেলা
তৃণমূল মজবুত করেই স্থানীয় ভোটে নজর দেবে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে প্রায় দুই দশক পর সরকার গঠন করেছে বিএনপি। ক্ষমতা গ্রহণের পর জনগণকে দেওয়া নির্বাচনী নানান প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন বিএনপি সরকারের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে, জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনে মনোযোগী হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ও সংসদের বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া জামায়াতে ইসলামী।