চট্টগ্রামে রূপালী ব্যাংকের শাখায় মিলল নিরাপত্তাকর্মীর মরদেহ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংক পিএলসির একটি শাখা থেকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলা সদরের ব্যাংক শাখাটির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অঞ্জন মল্লিকের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তবে তিনি পরিবারের সঙ্গে বোয়ালখালী উপজেলায় বসবাস করতেন বলে জানা গেছে। অঞ্জন মল্লিক ব্যাংকের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার সকালে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাগনে জামাই দিলীপ দে (৪৫) বলেন, ‘তিনি নিয়মিত দায়িত্ব পালন করতেন। হঠাৎ এমন ঘটনায় আমরা হতবাক। আমি পরিবারকে জানিয়েছি। তারা চট্টগ্রাম মেডিকেলে যাচ্ছেন।’
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাজীব উদ্দীন বলেন, ‘রোববার সকাল সাড়ে আটটার দিকে আরেক নিরাপত্তাকর্মীর মাধ্যমে খবর পেয়ে আমরা ব্যাংকে আসি। তাকে ভেতরে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পুলিশের উপস্থিতিতে ব্যাংকের গেট খোলা হয়েছে। তবে ব্যাংকের ভেতরে আপাতত কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
এমআর/বিআরইউ