ঢাকায় ছিনতাই বেড়েছে ৩০%

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি
চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি করেছেন সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় এই গুলি করার ঘটনা ঘটেছে। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের দাবি, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা গুলি ছুড়েছেন।
সমকাল
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ২৯ বাংলাদেশিকে
অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে আরও ২৯ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশের ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে গতকাল শনিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সহায়তায় ফেরত আসা কর্মীদের জরুরি সহায়তা ও বাড়ি যাওয়ার জন্য পরিবহন সুবিধা প্রদান করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ৩২২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো।
দেশ রূপান্তর
ভাবনা বাড়াচ্ছে শাখা ফল্ট
ভূমিকম্পে ভাবনা বাড়াচ্ছে শাখা ফল্ট। দেশের অভ্যন্তরে থাকা ছয়টি প্রধান ফল্ট লাইন বা ফাটল রেখার আওতাধীন শাখা ফল্টেই বিক্ষিপ্তভাবে ভূমিকম্পের উৎপত্তি ঘটছে। আর নতুন নতুন জায়গায় এসব ভূমিকম্প হওয়ার কারণে তা নিয়ে ভূ-কম্পনবিদদের জানার পরিধিও কম। নতুন গবেষণা ছাড়া সঠিকভাবে কোনো মন্তব্য করতে পারছেন না বিশেষজ্ঞরা।
কালের কণ্ঠ
ঢাকায় ছিনতাই বেড়েছে ৩০%
বুধবার ভোর ৫টা। শাক-সবজি আনার জন্য রিকশা-ভ্যান নিয়ে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন ফয়জুর রহমান নামের এক বৃদ্ধ। জুরাইনের মুন্সিবাড়ী এলাকায় পৌঁছতেই অন্ধকার গলি থেকে উদয় হলো তিন যুবক। মুহূর্তের মধ্যে ধারালো অস্ত্রের পোঁচ দিয়ে তাঁর মোবাইল ফোনসেট এবং পাঁচ হাজার টাকা কেড়ে নিয়ে চম্পট দিল তারা।
সমকাল
বাণিজ্য চুক্তি মানার বার্তা নিয়ে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
বাণিজ্যে ভারসাম্য তৈরিতে শুল্ক নির্ধারণে সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট) বা পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করে বাংলাদেশ। তবে চলতি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করে দেন। ফলে পাল্টা শুল্ক না থাকলেও সই করা এ চুক্তি বাস্তবায়নের পরামর্শ থাকবে ঢাকার জন্য। আর এ পরামর্শ নিয়ে তিন দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর।
বণিক বার্তা
জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ
দেশের জ্বালানি চাহিদার ৬৫-৭০ শতাংশ আমদানিনির্ভর। এর বেশির ভাগ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। এসব পণ্যের বড় অংশ আমদানি হয় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে। বিশেষ করে দেশে এলএনজি ও অপরিশোধিত জ্বালানি তেলের একক সরবরাহ উৎস কাতার, সৌদি আরব ও আরব আমিরাত।
বিবিসি বাংলা
আয়াতুল্লাহ আলী খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
তিন দশকেরও বেশী সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর শনিবার আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন।
বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে।
আজকের পত্রিকা
ট্রাম্প প্রশাসনের বার্তা: বাড়তি শুল্কের অর্থ ফেরত দিতে পারে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে জারি করা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। ফলে শুল্কের মাধ্যমে আদায় করা বাড়তি অর্থ ফেরত দেওয়া হতে পারে। তবে সবার অর্থ ফেরত দিতে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) দাখিল করা নথিতে এসব কথা উল্লেখ করা হয়েছে।
বণিক বার্তা
দেশে এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, প্রায় অর্ধেকই স্কুলশিক্ষার্থী
আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরিতে কাজ করা সংগঠন আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। গতকাল রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘শিক্ষার্থীদের আত্মহত্যা: ক্রমবর্ধমান সংকট’ শীর্ষক সমীক্ষার ফল তুলে ধরে সংগঠনটি। আত্মহত্যাগুলোর কারণ হিসেবে হতাশা, অভিমান, প্রেম, পারিবারিক টানাপড়েন, মানসিক অস্থিতিশীলতা, যৌন নির্যাতনের শিকার হওয়ার বিষয়গুলো উঠে এসেছে সমীক্ষায়।
আজকের পত্রিকা
‘অমুসলিম’ শিক্ষার্থীদের বাদ দিয়ে রাবি প্রশাসনের ‘গণ-ইফতার’
রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য গণ-ইফতারের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। তবে আয়োজনের বাইরে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদের। এমনকি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আগাম বার্তাও দেওয়া হয়নি। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ছেলে শিক্ষার্থী ও শহীদ মিনার চত্বরে মেয়ে শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়।
বণিক বার্তা
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে যাত্রীরা
ঝুঁকিপূর্ণ ওই অঞ্চলের বিভিন্ন রুটে বাংলাদেশ থেকে চলাচলরত সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের দেশগুলোয় তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
কালের কণ্ঠ
মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ
ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি এবং উদ্ভূত উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি এক বৈঠক শেষে রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
যুগান্তর
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে- রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
দেশ রূপান্তর
৩৩১ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের
পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান সামরিক বাহিনীর মধ্যে চলমান লড়াই অব্যাহত আছে। গতকাল শনিবার দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাতের তৃতীয় দিনেও দুই দেশ সীমান্তে একে অপরের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে বলে খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
সমকাল
বাঁধ সংস্কারের কাজ বাকি, শঙ্কায় কৃষক
মেয়াদ শেষ হলেও কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ১৪৪ কিলোমিটার দীর্ঘ ১৩৯টি ফসল রক্ষা বাঁধ সংস্কারের কাজ এখনও অসমাপ্ত। বহু জায়গায় ফেলা হয়নি মাটি। কখন এসব মাটি শক্ত হবে (কম্প্যাকশন), কখন বৃষ্টির ক্ষয় থেকে রক্ষায় ঘাস লাগানো (টার্ফিং) হবে– এ নিয়ে উদ্বিগ্ন কৃষক। তারা কাজে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।