হাসপাতালের কেনাকাটা ও পৌরসভায় দুর্নীতি : দুই জেলায় দুদকের অভিযান

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট ও লিফট স্থাপনে কোটি টাকার অনিয়ম এবং লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় মেয়রের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১ মার্চ) দুদকের রাজশাহী ও চাঁদপুর অফিস থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সরকারি প্রকল্প ও জনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে যেকোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে এনফোর্সমেন্ট ইউনিট তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। আজকের এই দুই অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দুদক সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের লিফট ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট আমদানি ও স্থাপনে দুর্নীতির অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর একটি টিম হাসপাতালটিতে ঝটিকা অভিযান চালায়। অভিযানে দুদক টিম প্রায় ৫ কোটি টাকা মূল্যের সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট আমদানির নথিপত্র সংগ্রহ করে। হাসপাতালের নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করা হয়। এছাড়া টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সংগৃহীত নথিপত্র ও নমুনা পরীক্ষার মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করছে। কমিশনের কাছে দ্রুতই এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অন্যদিকে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার মেয়রের স্বাক্ষর জাল করে প্রকল্পের বরাদ্দ করা অর্থ আত্মসাতের অভিযোগে অপর একটি অভিযান পরিচালনা করেছে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়। অভিযান চলাকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে এবং পৌরসভা কার্যালয় থেকে প্রকল্পের যাবতীয় রেকর্ডপত্র ও নথিপত্র জব্দ করে। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনার পর দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে বলে জানিয়েছে দুদক।
আরএম/জেডএস