তীব্র গ্যাস সংকটের শঙ্কা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
হরমুজ প্রণালি বন্ধ হলে এখনই জ্বালানিসংকটের শঙ্কা নেই
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শনিবার রাতে জাহাজের বেতারবার্তায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়। এর পর থেকেই মধ্যপ্রাচ্যনির্ভর আমদানি-রপ্তানি বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল রোববার আল–জাজিরাকে বলেছেন, এখন পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই।
বণিক বার্তা
সরকার গঠনের প্রথম মাসেই ভূরাজনৈতিক চ্যালেঞ্জে বিএনপি
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের এ অবস্থান পরিষ্কার করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান বৈরী পরিস্থিতি কেবল আঞ্চলিক শান্তি নয়, বরং বেসামরিক জনগোষ্ঠীর কল্যাণকেও চরমভাবে বিপন্ন করবে। সংঘাত নিরসনে সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে আসার ওপর জোর দিয়েছে ঢাকা।
দেশ রূপান্তর
ক্ষমতার পালাবদলে ইরান
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ক্ষমতার পালাবদলের পথে রয়েছে ইরান। এই অন্তর্বর্তী সময়ে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি তদারকির জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে, এই পরিষদে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (আইনবিদ)। তিন সদস্যের এই পরিষদ সাময়িকভাবে দেশের যাবতীয় নেতৃত্ব ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেবে।
সমকাল
প্রকল্পের ২০ শিশু দিবাযত্ন কেন্দ্রেও নানা অনিয়ম
সরকারি ৪৩টি দিবাযত্ন কেন্দ্রে সেবা সংকটের মধ্যে পৃথক প্রকল্পের মাধ্যমে সারাদেশে আরও ২০টি কেন্দ্র চালু করে মহিলাবিষয়ক অধিদপ্তর। তবে গত বছর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে দেরি করায় আট মাস শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী কেনার বরাদ্দ বন্ধ আছে। সেবাকর্মীরাও বেতন-ভাতা পাচ্ছেন না। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ১৮৫ জন কীভাবে আট মাসের বেতন পাবেন, তাও
পরিষ্কার নয়।
বণিক বার্তা
দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সপরিবারে দেশ থেকে পালিয়ে গিয়ে ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই বসবাস করছেন তিনি। গত শনিবার রাতে পাম জুমেইরাহ এলাকায় আঘাত হানে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের বিকট শব্দ আর আগুনের শিখায় আতঙ্ক ছড়ায় অভিজাত এলাকাটিতে।
আজকের পত্রিকা
৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে। অবশ্য ভিসি ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন।
দেশ রূপান্তর
নতুন নেতৃত্বের অপেক্ষায় ডিএমপি
নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানো। পুলিশকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা। এর জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন বিভিন্ন পদে পরিবর্তনের গুঞ্জনও উঠেছে, ইতিমধ্যে নতুন আইজিপি নিযুক্ত হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী পারিবারিক কারণ দেখিয়ে অব্যাহতি নিয়েছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবর্তনের এ সময়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, ‘কার অধীনে কাজ করব আগে ঠিক হোক।’
যুগান্তর
প্রতিশোধের আঘাত ২৭ মার্কিন ঘাঁটিতে
ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে ইসরাইল-মার্কিনিরা। রোববার বোমার মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছিল তেহরানের আকাশ-বাতাস। এ হামলায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কালের কণ্ঠ
দূরের যুদ্ধে অর্থনীতিতে অশনিসংকেত
মধ্যপ্রাচ্যে শুরু হওয়া নতুন সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। গত শনিবার ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বড় ধরনের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা এখন তুঙ্গে। এই উত্তেজনার কেন্দ্রে থাকা হরমুজ প্রণালি কার্যত বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় বাংলাদেশের নড়বড়ে অর্থনীতির ওপর নতুন করে বিপর্যয়ের ছায়া দেখছেন বিশেষজ্ঞরা।
প্রথম আলো
১১ বছর ধরে জামদানি শাড়ি বুনেছেন, ৬০ বছর বয়সে প্রথম পরলেন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী গ্রামের মাসুদা। জীবনের ১১টি বছর স্বামী ও ছেলেদের সঙ্গে জামদানি শাড়ি বুনেছেন। কত শাড়ি বুনেছেন তার হিসাব রাখেননি। নিজের বানানো শাড়িগুলো পরতে ইচ্ছা করত। কিন্তু স্বামী, ৮ ছেলেমেয়ের মুখে কীভাবে খাবার তুলে দেবেন, সে চিন্তাতেই অস্থির থাকতে হতো।
কালের কণ্ঠ
সংকটে পড়তে পারে কৃষি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক বাণিজ্যচুক্তির ফলে বাংলাদেশের কৃষি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কৃষিপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার এবং নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয়ের বাধ্যবাধকতা দেশীয় উৎপাদনকারীদের অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তিটি গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়।
প্রথম আলো
৭২ দিনে ১,১৮৫ রাজনৈতিক অপতথ্য, ভোট নিয়েই ৪৫%
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে ভোট গ্রহণের পরের এক সপ্তাহ পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়ানো অপতথ্যের ৪৫ শতাংশই ছিল ভোটসংশ্লিষ্ট। সংখ্যায় তা ৫২৮। শুরুর দিকে নির্বাচন আদৌ হবে কি না, সেই সন্দেহ তুলে ধরে অপতথ্য ছড়ানো হয়েছে। শেষ দিকে ভোটে কারসাজির অভিযোগ তুলে অপতথ্য ছড়িয়েছে।
সমকাল
তীব্র গ্যাস সংকটের শঙ্কা
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান সংঘাত তীব্র হওয়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও রান্নার গ্যাস (এলপিজি) আমদানি ব্যাহত হলে দেশে গ্যাস সংকট আরও গভীর হতে পারে– এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এমনটি হলে বিদ্যুৎ ও শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হবে।
প্রথম আলো
প্রথম ধাপে ২০৪ ইউপিতে নির্বাচন করবে সরকার
স্থানীয় সরকার–কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জুলাইয়ে শুরু করতে চায় সরকার। প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বরিশাল বিভাগের ছয়টি জেলায়। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে এ বছরের শেষের দিকে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা নির্বাচনের পরপরই ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।
সমকাল
পুলিশের পোশাক-জরিপ, মত দিচ্ছে দুই লাখ সদস্য
পুলিশের পোশাক নির্ধারণে বাহিনীটির অভ্যন্তরে চলছে জরিপ কার্যক্রম। পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার দুই লাখের বেশি সদস্য পোশাকের ব্যাপারে নিজেদের মতামত দিচ্ছেন। গত শনিবার পুলিশ সদরদপ্তর থেকে ৬৪ জেলার এসপি ও ইউনিটপ্রধানের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। আজ সোমবার বিকেলের মধ্যে এ মতামত পুলিশ সদরদপ্তরকে জানাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।
কালবেলা
যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে
বাংলাদেশের মাটি থেকে প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে বারুদের গন্ধ। ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধে পুড়ছে পারস্য উপসাগরীয় ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ। হামলা-পাল্টা হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কয়েকশ। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বন্ধ করা হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি। যুদ্ধের গতি বাড়ানোর ঘোষণা এসেছে উভয়পক্ষ থেকেই।