দোলযাত্রা ঘিরে চট্টগ্রামে ফ্রি স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প, সেবা নিলেন ৬৩০

শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩তম সর্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পে ৬৩০ জন সেবা নেন।
সোমবার (২ মার্চ) উত্তর কাট্টলী সেবাখোলা মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে শ্রী শ্রী সেবাখোলা ও বৈকুণ্ঠধাম উৎসব উদযাপন পরিষদ। আগতদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চোখের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।
চিকিৎসা সেবায় অংশ নেয় লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট। ওষুধ সরবরাহে সহযোগিতা করে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে। তিনি বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানবিক কার্যক্রম সমাজে সম্প্রীতির বন্ধন জোরদার করে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. শাবানা সুলতানা, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুক্তা চৌধুরী ও পরিষদের উপদেষ্টা সুবোধ রঞ্জনসহ অন্যান্যরা।
সভাপতিত্ব করেন শ্রী শ্রী সেবাখোলা ও বৈকুণ্ঠধামের আহ্বায়ক সলিল সেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন্টন দাশ, ইকবাল, জুয়েল শীল, বিরাজ মণি আচার্য ও আশিস দাশ।
আরএমএন/জেডএস