মধ্যপ্রাচ্য ইস্যুতে করা বিবৃতির ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু করা দুটি বিবৃতির ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করে বিবৃতি দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান খুব সোজা, প্রথম কথা হচ্ছে আমরা আমাদের জনগণ মানে আমাদের যারা নাগরিক ওই অঞ্চলে আছেন, তাদের স্বার্থ রক্ষা। আর আমরা মনে করি না, যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান আনতে পারে। আমরা চাই দ্রুততম সময়ে আলোচনা বা কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান হোক।
খলিলুর রহমান বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি, ওই অঞ্চলে আমদের যে প্রবাসী নাগরিক, তাদের স্বার্থ আমাদের অগ্রাধিকার। আমরা ১ মার্চ যে বিবৃতি দিয়েছি, সেখানেও আমাদের প্রবাসীদের স্বার্থ সমুন্নত রেখেছি। আমাদের নাগরিকরা আক্রান্ত হলে, সেটা কাঁটাতারের বেড়ারে এপাশে বা ওপাশে যেখানেই হোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের সবচেয়ে বড় জাতীয় স্বার্থ হচ্ছে আমাদের জনগণ।
তিনি বলেন, আমরা আশা করি, এই সংঘাতে আর কোনো বাংলাদেশিরে প্রাণহানি ঘটবে না বা আর কেউ আহত হবেন না। কিন্তু সে রকম অবস্থা হলে আমাদের যা যা কর্তব্য সব কিছুই করব। একইসঙ্গে বিদেশে অনেকেই কাজ করার জন্য যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তারা আটকা পড়েছেন, সে বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। বিমান চলাচল স্বাভাবিক হলে আমরা দ্রুততার সঙ্গে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করবো।
এনআই/জেডএস