সাড়ে তিন ঘণ্টাতেই শেষ পশ্চিমাঞ্চলের প্রায় সব টিকিট

ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় প্রথমদিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টায় শুরু হয় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি। তবে সাড়ে ৩ ঘণ্টা পার হতেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন গন্তব্যের সব ট্রেন টিকিট প্রায় শেষ হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ওয়েবসাইট ঘুরে দেখা যায়, আগামী ১৩ মার্চের ঢাকা-রাজশাহী রুটের ৪টি ট্রেনের, ঢাকা-পঞ্চগড় রুটের ৩টি ট্রেনের, ঢাকা-চিলাহাটি রুটের ২টি ট্রেনের, ঢাকা-বেনাপোল রুটের ২টি ট্রেনের, ঢাকা-দিনাজপুর রুটের ৩টি ট্রেনের, ঢাকা-রংপুর রুটের ২টি ট্রেনের, ঢাকা-কুড়িগাম রুটের ২টি ট্রেনের একটি আসনও অবশিষ্ট নেই। তবে ঢাকা-খুলনা রুটের ৩টি ট্রেনের কিছু আসন অবশিষ্ট দেখা গেছে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসনের টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হবে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
এমএইচএন/এসএম