মব কালচার, প্রক্রিয়াগত সমস্যায় পুলিশের ভাবমূর্তি ফিরছে না

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহে বিঘ্ন, দুশ্চিন্তা বাংলাদেশেও
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে একদিকে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ছে; অন্যদিকে সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশও। মূল্যবৃদ্ধি স্থায়ী হলে, সরবরাহে সংকট তৈরি হলে বাংলাদেশেও ঘাটতি তৈরি হতে পারে, দাম বেড়ে যেতে পারে।
আজকের পত্রিকা
নতিস্বীকার করবে না ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করেছে ইরান। হামলা আরও জোরদার করেছে তারা। গত রোববার রাতে ও গতকাল সোমবার উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর গতকাল ট্রাম্প হুঁশিয়ারি উচ্চরণ করে বলেছেন, ইরানে কঠোর হামলা হবে। এই পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন।
সমকাল
শ্রবণক্ষমতা কমেছে প্রতি চারজনে একজনের
রাজধানীসহ দেশের পাঁচ সিটি করপোরেশনে সহনীয় মাত্রার (৬০ ডেসিবেল) চেয়ে অনেক বেশি শব্দদূষণ। গড় শব্দমাত্রা ৯০ থেকে ৯৬ ডেসিবেল। এই অতিরিক্ত শব্দের প্রভাবে কমছে শ্রবণক্ষমতা। সবচেয়ে ঝুঁকিতে আছেন রিকশাচালক ও ট্রাফিক পুলিশ সদস্যরা। এক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের প্রায় এক-চতুর্থাংশের (২৫ দশমিক ৩ শতাংশ) শ্রবণক্ষমতা কমেছে।
কালের কণ্ঠ
বড় ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার
বাংলাদেশের শ্রমবাজার অনেকটাই মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। আমাদের মোট অভিবাসীর ৬৭ শতাংশই যায় সৌদি আরবে। শ্রমবাজারের দ্বিতীয় স্থানে কাতার, চতুর্থ কুয়েত, ষষ্ঠ আরব আমিরাত এবং সপ্তম স্থানে রয়েছ জর্দান। কিন্তু মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ঝুঁকিতে পড়েছে আমাদের শ্রমবাজার।
বিবিসি বাংলা
'শুনলাম যুদ্ধ লেগেছে'- ইরানে ছেলে ও তার পরিবার নিয়ে উৎকণ্ঠায় মা
"দাদারা ইরানে। দু'দিন হলো যোগাযোগ করতে পারছি না। সঙ্গে তিনটে বাচ্চা রয়েছে…জানি না কী অবস্থায় আছে," কথাগুলো বলতে বলতে গলা ধরে আসছিল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বাসিন্দা সাবির গাজীর।
তার বড়ভাই আমির হোসেন গাজী, ভাবী ঊষা পারভীন এবং তিন সন্তানসহ পরিবারের পাঁচজন সদস্য এখন তেহরানে রয়েছেন। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা শুরু করার পর থেকে তাদের কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি বাড়ির লোকেরা।
কালের কণ্ঠ
নদীপথে পাঁচ বছরে লাশ উদ্ধার বেড়েছে ৭০%
দেশের বিভিন্ন নদীপথে পাঁচ বছরের মধ্যে লাশ উদ্ধার বেড়েছে প্রায় ৭০ শতাংশ। বিভিন্ন নদী থেকে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দুই হাজার ৬৪টি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এর মধ্যে এক হাজার ৪২৫টি লাশ শনাক্ত করা সম্ভব হলেও বাকি ৬৩৯টি লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। তা মোট লাশের প্রায় ৩১ শতাংশ।
বণিক বার্তা
বাংলাদেশে এলএনজি আমদানির ৪০ শতাংশ সরবরাহ করে কাতার এনার্জি
এদিকে হরমুজ প্রণালিও বন্ধ রয়েছে। এ প্রণালি হয়ে এলএনজি পরিবহন এক মাস বন্ধ থাকলে এশিয়ার স্পট মার্কেট এলএনজির দাম ১৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম ২৫ ডলারে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বহুজাতিক বিনিয়োগ ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস।
আজকের পত্রিকা
প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
প্রথম আলো
ফ্লাইট চালু হলে প্রবাসীদের দ্রুত যাত্রার ব্যবস্থা করবে সরকার
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংকট ঘনীভূত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গত দুই দিনে পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দুজন বাংলাদেশি নিহত ও সাতজন আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
বণিক বার্তা
লোডশেডিং মোকাবেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালু রাখাই বিকল্প
বাকি সক্ষমতা বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ, গ্রিড অবকাঠামো ও কয়লা আমদানির দরপত্র জটিলতায় ব্যবহার করা যায় না। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আসন্ন গ্রীষ্ম মৌসুমে গ্যাস ও ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর বড় চাপ তৈরি হবে। লোডশেডিং মোকাবেলায় বিকল্প হিসেবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতা ব্যবহার করা গেলে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সমকাল
মব কালচার, প্রক্রিয়াগত সমস্যায় পুলিশের ভাবমূর্তি ফিরছে না
দেশের প্রতিটি জেলায় একটি ‘জিরো কমপ্লেইন (অভিযোগশূন্য) থানা’ গড়ে তোলার কথা ভাবছে পুলিশ। গতকাল সোমবার ৬৪ জেলার পুলিশ সুপারের সঙ্গে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে জিরো কমপ্লেইন থানার ধারণা, কীভাবে বাস্তবায়ন করা যাবে, সেসব বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন আইজিপি।
সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। বৈঠকে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা ঠিক না হলে বিনিয়োগ আসবে না। হবে না কর্মসংস্থান।
দেশ রূপান্তর
লড়াইয়ে মরিয়া ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুগপৎ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে দেশটির পাল্টা হামলায় পুরো টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। সংকটের তৃতীয় দিন গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান তার সঙ্গে আলোচনা করতে চায়। এমন দাবি প্রত্যাখ্যান করে তেহরান থেকে উল্টো প্রতিরোধের বার্তা দেওয়া হয়েছে।
সমকাল
স্থানীয় নির্বাচনের তোড়জোড়, তথ্য চেয়ে সব ডিসিকে চিঠি
স্থানীয় সরকার নির্বাচনের জোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) ইউনিয়ন ও পৌরসভার বর্তমান অবস্থা জানতে চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে।
আগামী জুলাইয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যায়ক্রমে শুরু হতে পারে। পাশাপাশি দেশের সব পৌরসভার ভোটও সেরে ফেলতে চায় সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর সব মেয়র ও কাউন্সিলরকে বরখাস্ত করায় এখন পৌরসভা চলছে প্রশাসক দিয়ে। এ কারণে নাগরিক সেবা এক রকম ভেঙে পড়েছে।