সাইবার সহিংসতায় ৯৭ শতাংশ নারী-শিশু

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকারের বয়স ১৫ দিন পার হলো। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত—রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার পদে কে আসছেন। এ নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে নানা আলোচনা-পর্যালোচনা চলছে।
কালবেলা
পাতাল রেল ডুবেছে অন্ধকারে
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে রাজধানী ঢাকায় মেট্রোরেলের প্রকল্পের দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি। থমকে গেছে চলমান সব প্রকল্প। এমনকি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মাত্র এক কিলোমিটার পথের কাজও এই সময়ে শেষ করা যায়নি। অন্যান্য মেট্রোর লাইনের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মাটির নিচে পাতাল রেল (সাবওয়ে) নির্মাণ প্রকল্প। ২০২২ সালে শুরু হওয়া এই কাজের জন্য এখন পর্যন্ত নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারেনি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। উল্টো যে দুটি অংশের কাজের জন্য দরপত্র শেষে চুক্তি হয়েছিল, সেগুলোর অগ্রগতিও থেমে যায়। আর কাজ শুরু না হওয়ায় এর সরাসরি প্রভাব পড়ছে প্রকল্পের খরচে।
সমকাল
লজ্জা-ভয়ে চাপা দেওয়া হয় নিপীড়নের অধিকাংশ ঘটনা
পাবনার ঈশ্বরদীতে ভবানীপুর উত্তরপাড়ার দশম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন তার আত্মীয় ট্রাকচালক শরিফুল ইসলাম (৩৫)। কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা করতেন তিনি। গত ২৭ ফেব্রুয়ারি রাতে কিশোরীর বাসায় ঢোকেন শরিফুল। তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করলে তার দাদি বাধা দেন। এ সময় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে বৃদ্ধাকে হত্যা করা হয়। কিশোরী চিৎকার করলে তাকেও মারধর করায় অচেতন হয়ে পড়ে। তখন তাকে টেনেহিঁচড়ে বাড়ির পেছনে নিয়ে যৌন নিপীড়নের পর হত্যা করা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার শরিফুল ধর্ষণ ও জোড়া খুনের কথা স্বীকার করেন।
বণিক বার্তা
পদ্মা ব্যাংক বাঁচাতে সরকারি সব উদ্যোগই ব্যর্থ
পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নাম পরিবর্তন, মূলধন জোগান দেয়া থেকে শুরু করে নজিরবিহীন সব নীতিসহায়তা দিয়ে ব্যাংকটিকে বাঁচিয়ে রাখার সব ধরনের চেষ্টা করা হয়। কিন্তু কোনো উদ্যোগই সাফল্যের মুখ দেখেনি। বরং গত আট বছরে ৬ হাজার ৯৯ কোটি টাকা নিট লোকসান দিয়েছে। অথচ ব্যর্থ এ ব্যাংকটির সম্পদ ও দায়ের আকারও এত বড় নয়। আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের উদ্যোগে গড়ে ওঠা ব্যাংকটি এখন সরকার ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
কালের কণ্ঠ
রাজধানীতে মশা নিয়ন্ত্রণহীন
নর্দমা ও জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ঢাকায় মশার প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে রাজধানীতে মশার বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, চলতি মার্চ মাসে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় মশার উপদ্রব ৪০ শতাংশের বেশি বেড়েছে।
বিবিসি বাংলা
ইরানের হামলার পর কী করবে সৌদি, কাতার,আমিরাতের মতো দেশগুলো?
উপসাগরীয় দেশগুলো হঠাৎ করে মধ্যপ্রাচ্যের সবশেষ যুদ্ধের সামনে এসে দাঁড়িয়েছে এবং তারা ক্ষুব্ধ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে তাদের আরব প্রতিবেশী দেশগুলোর দিকে। এসব হামলায় তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
আজকের পত্রিকা
ইরানে আগ্রাসন: কোন চাওয়া পূরণ হলে যুদ্ধ থামাবেন ট্রাম্প
ইরানে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কী অর্জন করতে চাইছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুদ্ধ শুরুর আগে ট্রাম্প ও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হবে। তবে যুদ্ধের পরপরই ট্রাম্প ঘোষণা দেন, এই অভিযান ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনা। এ জন্য ইরানের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।
বিবিসি বাংলা
'একটু পরপর সাইরেন, মাথার ওপর দিয়ে মিসাইল যাচ্ছে, এমন পরিস্থিতিতে কখনো পড়িনি'
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এই হামলার ফলে ওই দেশগুলো বিমান চলাচল বন্ধ ও সাময়িক স্থগিতও হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের প্রতিরক্ষামূলক হামলায় এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি নিহত হয়েছে এবং বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহতও হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম কল্যাণ মন্ত্রণালয়।
কালের কণ্ঠ
সাইবার সহিংসতায় ৯৭% নারী-শিশু
ডিজিটাল প্রযুক্তি সম্প্রসারণে নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনা বেড়েছে। বর্তমানে ৯৭ শতাংশ নারী ও শিশু সাইবার সহিংসতার শিকার। সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্মের সাম্প্রতিক তথ্য এটি।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বড় ধরনের পরিবর্তন এলেও পরিবার বা সমাজের কোনো স্তরেই নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।
যুগান্তর
ধনকুবেররা দুবাই ছাড়তে মরিয়া
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা-পালটা হামলায় দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র বর্ষণের ফলে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা এখন সপরিবারে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। এখন তাদের কাছে বিমানের একটি টিকিট যেন সোনার হরিণ। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় তাদের একমাত্র ভরসা এখন ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেট। এই সুযোগে চার্টার্ড বিমানের ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে ইস্তাম্বুল বা মস্কোগামী ছোট জেটের একেকটি সিটের ভাড়া কোটি টাকা ছাড়িয়ে গেছে। খবর দ্য গার্ডিয়ানের।
কালের কণ্ঠ
শক্তিশালী তরুণদের দিকে নজর মানবপাচার চক্রের
বেসামরিক কাজে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তরুণ-যুবকদের টোপ দেয় মানবপাচার চক্র। তারপর রাশিয়ায় নিয়ে হাতে তুলে দেয় ভয়ংকর মারণাস্ত্র, ঠেলে দেওয়া হয় ইউক্রেন যুদ্ধে। কেউ কেউ মাত্র এক মাসের প্রশিক্ষণ পায়, আবার কেউবা বিনা প্রশিক্ষণেই যুদ্ধের ময়দানে। রাশিয়ায় যুদ্ধদাস পাঠাতে মাঠ পর্যায়ে কাজ করছে একটি সংঘবদ্ধ গোষ্ঠী।
সমকাল
দুই সপ্তাহে ৪০ খুন, সরকারি দলের নেতাকর্মী পাঁচজন
নরসিংদীর রায়পুরার ২৬ ফেব্রুয়ারি বাঁশগাড়ীর সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাঁশগাড়ী থেকে নৌকায় পার্শ্ববর্তী চরমধুয়ায় পৈতৃক বাড়িতে যাচ্ছিলেন আমির হোসেন। এক দল দুর্বৃত্ত আরেকটি নৌকায় তাঁকে উঠিয়ে নিয়ে যায়। এরপর হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় তারা। একই দিন চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা মহানগর ও নরসিংদীতে পৃথক ঘটনায় হত্যার শিকার হন আরও পাঁচজন। নরসিংদীর মাধবদীর দাড়িকান্দি গ্রামে আমেনা আক্তার নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযাগ, সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে খুন করে বখাটেরা।
বণিক বার্তা
আমদানিনির্ভর জ্বালানিনীতির আত্মঘাতী সিদ্ধান্তে দুই দশক ধরে হাঁটছে বাংলাদেশ
প্রায় এক দশক ধরে জীবাশ্ম জ্বালানি আমদানি অস্বাভাবিক হারে বেড়েছে। অভিযোগ রয়েছে, পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, আমলা ও একশ্রেণীর ব্যবসায়ীর যোগসাজশে এমন পরিস্থিতি তৈরি হয়। দেশে গ্যাস খাতে অনুসন্ধান, উত্তোলনে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়নি। সেই সঙ্গে জ্বালানি খাতের মজুদ, টেকসই সরবরাহ ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রেও বড় ধরনের গড়িমসি ছিল। এভাবে আওয়ামী আমলে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা অতিমাত্রায় বাড়িয়ে তোলা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি খাত দিন দিন ঋণ ও দায়দেনায় জর্জরিত হয়েছে। অন্যদিকে জ্বালানি সরবরাহকারী দেশগুলোয় বিভিন্ন সময়ে যুদ্ধ-সংঘাত পরিস্থিতির কারণে আমদানি তথা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি হচ্ছে।
কালবেলা
পুরোনো পোশাকেই ফিরতে চান ৯৬% পুলিশ সদস্য
ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের ভূমিকার কারণে বৃহৎ এই বাহিনীর পোশাক পরিবর্তনের দাবি ওঠে। পুলিশ সদস্যদের মতামত উপেক্ষা করে গত বছরের নভেম্বরে চালু হয় পুলিশের নতুন পোশাক। কিন্তু আয়রন কালারের শার্ট আর কফি কালারের প্যান্ট পরতে চাচ্ছেন না অধিকাংশ পুলিশ সদস্য। পুলিশ সদর দপ্তর থেকে পরিচালিত জরিপে ৯৬ দশমিক ৫৭ শতাংশ পুলিশ সদস্য পুরোনো পোশাকে ফিরে যাওয়ার ব্যাপারে মতামত দিয়েছেন। গত সোমবার পুলিশের সব ইউনিট থেকে এ মতামত নেওয়া হয়।
সমকাল
সরকারি ব্যয়ের ৫৮ শতাংশই বেতন, সুদ ও ভর্তুকিতে
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পরিচালন ও উন্নয়ন বাজেট মিলিয়ে মোট ব্যয় হয়েছে দুই লাখ ৫৮ হাজার ১৮৬ কোটি টাকা।
এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, অবসরপ্রাপ্তদের পেনশন, বিভিন্ন ভর্তুকি এবং ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়েছে এক লাখ ৫০ হাজার ৫৩৬ কোটি টাকা, যা মোট ব্যয়ের ৫৮ শতাংশের বেশি।
কালবেলা
মুক্তিযোদ্ধা কোটার চাকরিজীবীরা আতঙ্কে
চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন জীবনে অনিশ্চয়তার অধ্যায় শেষ। কিন্তু এখন সেই নিয়োগই নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে ঢোকা ৯০ হাজার ৫২৭ জনকে নিয়ে চলছে বিস্তর যাচাই-বাছাই, যার প্রথম ধাপ শেষ হলেও এখনো চলমান চূড়ান্ত পর্ব। এ পর্যন্ত প্রায় ৬৮ শতাংশের যাচাই সম্পন্ন হয়েছে। তবে ২০টি মন্ত্রণালয়ে ২৫৬ জনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি, ৬০ জনের তথ্যে মিলেছে গরমিল।